Published : 30 Aug 2026, 03:29 PM
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি পরিত্যক্ত বাড়িতে দশটি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস কে বা কারা নিয়ে গেছে। বাকি তিনটি জবাই করা ঘোড়া ঘটনাস্থলে পড়ে ছিল।
রোববার সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসাইল থানার ওসি আলমগীর কবির।
স্থানীয়রা ওই পরিত্যক্ত বাড়িতে জবাই করা ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, “সকালে শুনতে পাই, পরিত্যক্ত বাড়িতে দশটি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। সাতটি ঘোড়ার মাথাও সেখানে রেখে গেছে তারা।”
তিনি বলেন, “এ ঘটনায় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এখন মানুষ কীভাবে বাজার থেকে গরুর মাংস কিনবে? গরুর মাংস কেনার ক্ষেত্রে মানুষের আস্থা হারিয়ে যেতে পারে।”
বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “জবাই করা তিনটি ঘোড়াসহ সাতটি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি ঘটনাস্থল থেকে সরিয়ে অন্যত্র পুঁতে রাখা হয়েছে। পরে ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।”
ওসি আলমগীর কবির বলেন, “আমাদের ধারণা, শনিবার রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে। ভোর হয়ে যাওয়ায় সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও তিনটি ঘোড়া জবাই করে সেখানেই ফেলে রেখে গেছে।
“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে এখানে জবাই করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।”
তিনি বলেন, “এসব ঘোড়ার মাংস শহরের বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করা হয় বলে ধারণা করা হচ্ছে। সেখানে গরু বা খাসির মাংসের নামে তা মানুষকে খাওয়ানো হচ্ছে কি-না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।