Published : 09 Sep 2025, 02:41 PM
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধরা।
মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ অবরোধ কর্মসূচি শুরু হয়।
এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুইপাশে অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
৪ সেপ্টম্বর নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করা হয়।
এর প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ এর নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন এলাকার লোকজন অংশ নেন।
অবরোধকারীরা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন সবসময় অবহেলিত। এই আসন নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় এই আসনে বিজনগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে যোগ করা হয়েছে। যা আশুগঞ্জ উপজেলার কারো সংসদ সদস্য হওয়ার স্বপ্নকে মুছে ফেলার ষড়যন্ত্র।
আসন পুনর্বহালের দাবি মানা না হলে আগামীতে রেল, নৌ ও সড়ক পথ অবরোধসহ আরো কঠোর কর্মসূচির হুমকি দেন নেতারা।