১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

হাতিয়ায় চার দিন পর নৌচলাচল স্বাভাবিক, নামছে জোয়ারের পানি

বৈরী আবহাওয়ার কারণে বুধবার দুপুর থেকে সব ধরনের নৌচলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল উপজেলা প্রশাসন।

হাতিয়ায় চার দিন পর নৌচলাচল স্বাভাবিক, নামছে জোয়ারের পানি
সকালে থেকে নোয়াখালীর হাতিয়ায় উপজেলার সবগুলো ঘাট থেকে নৌচলাচল শুরু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 02:32 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ কেটে যাওয়ার পর নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় নৌচলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড় নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চল থেকে জোয়ারের পানি নামতে শুরু করেছে।

চার দিন পর শনিবার সকালে থেকে উপজেলার চেয়ারম্যান ঘাট, নলচিরা ঘাট, তমরদ্দি ঘাট থেকে যাত্রীবাহী ট্রলার ছেড়ে গেছে বলে জানান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।

বৈরী আবহাওয়ার কারণে বুধবার দুপুর ১২টা থেকে হাতিয়া থেকে সব ধরনের নৌচলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল উপজেলা প্রশাসন। এর ফলে হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারাদেশের নৌযোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে জেলা সদর থেকে হাতিয়াগামী যাত্রীরা চেয়ারম্যান ঘাটে আটকা পড়েন।

ইউএনও আলাউদ্দিন বলেন, নদী অনেকটা শান্ত থাকায় সকাল থেকে সবকটি ঘাট থেকে যাত্রীবাহী ট্রলার ছেড়েছে। এ ছাড়া চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী সরকারি দুটি নৌযান বে ক্রুজ-১ ও বে ক্রুজ-২ নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।

এর আগে শুক্রবার বিকালে চেয়ারম্যান ঘাটে আটকা পড়া চারটি মরদেহবাহী গাড়ি বিশেষ বিবেচনায় সরকারি নৌযান বে ক্রুজ-১ যোগে নলচিরা ঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।

ইউএনও বলেন, নিম্নচাপের প্রভাবে নিঝুম দ্বীপসহ যেসব এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছিল; সেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। 

টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদীতে সৃষ্ট জলাবদ্ধ পরিস্থিতিও উন্নতি হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে বিভিন্ন আবাসিক এলাকা ও সড়ক থেকে পানি নামতে শুরু করেছে।