১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বরগুনায় ২ দিনের শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থী এতে অংশ নিয়েছে।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 01:09 AM

Updated : 26 Aug 2026, 05:37 PM

বরগুনায় শিশু সাংবাদিকতা বিষয়ে দুই দিনের কর্মশালা শুরু হয়েছে।

এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থী অংশ নিয়েছে।

শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের ‘জাগো নারীর পাঠশালার’ মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। 

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা জেলা তত্ত্বাবধায়ক মো. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসনের সহকারী জেলা প্রশাসক (এডিসি জেনারেল) অনিমেষ বিশ্বাস, জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান অতিথি ছিলেন।

অনিমেষ বিশ্বাস বলেন, “শিশুদের জন্য এমন আয়োজন ইতিবাচক ভূমিকা পালন করবে। এ ধরনের আয়োজনে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। কর্মশালায় শিশুরা অনেক দূর এগিয়ে যাবে। পরবর্তীতে তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে।

“শিশুদের যে কেবল সাংবাদিকতাই করতে হবে এমন না, প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা নিজেদের অধিকার, আইন, তাদের সুরক্ষার বিষয়ে জানতে পারবে।”

পাউবো কর্মকর্তা হান্নান প্রধান বলেন, “আজকের এ কর্মশালা থেকে সকলেই একটা ভালো কিছু করতে শিখব; যা সমাজের জন্য তথা উপকূলীয় জেলা বরগুনার জন্য কিছু করার চেষ্টা করব। 

এ প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের অধিকারের বিষয়গুলো তুলে ধরে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলে জানান তিনি।

প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কো-অর্ডিনেটর মো. মনির হোসাইন।

কর্মশালার প্রথম দিন শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ তৈরি, তথ্য যাচাই, ফিচার লেখা, সাংবাদিক কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সমাধানসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। 

এ ধরনের কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু-কিশোররা। সেইসঙ্গে নিজেদের পছন্দ-অপছন্দ ও অধিকারের বিষয়গুলো স্বাচ্ছন্দ্যে ব্যক্ত করে তারা।