Published : 27 Jun 2026, 03:01 PM
তুরাগ নদীতে ‘বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ’ এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার রাতে সাভারের আশুলিয়া বাজারের গরুর হাটসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম।
নিহত সুমন আহম্মেদ (১৮) ঢাকা জেলার তুরাগ থানার রানাবোলা এলাকার শাহ আলমের ছেলে।
শনিবার দুপুরে ওসি তরিকুল ইসলাম দাবি করেন, “শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ট্রলারে করে তুরাগ নদীতে যান সুমন। একপর্যায়ে ট্রলার থেকে নামার সময় হুড়োহুড়ির মধ্যে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
“পরে রাতে নদীতে জেলেরা একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধারের সময় লাশের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া যায়।”
ফোনটি পানিতে নষ্ট হয়ে গেলেও সিমকার্ডের তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয় বলে জানান ওসি তরিকুল।
তিনি দাবি করেন, এ ঘটনায় নিহতের বড় ভাই সালাউদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন