Published : 12 Sep 2025, 06:40 PM
যশোরের শার্শা উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে গোগা সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে বলে খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানিয়েছেন।
আটকরা হলেন, যশোরের অভয়নগর উপজেলার বর্ণিমালাধরা গ্রামের মিঠু মোল্লা (৩২), পাতালিয়া গ্রামের মিজানুর সরদার (৪৫), সদর উপজেলার বলডাঙ্গা কাজিপুর গ্রামের মোছা. শাপলা খাতুন (২৩) এবং পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরখোলা গ্রামের সুমি আক্তার (২৪)।
এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ বলেন, গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারে এমন গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজিবির এ কর্মকর্তা জানান।