Published : 22 Nov 2024, 06:44 PM
ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বৃহস্পতিবার রাতে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পণ্য জব্দের কথা জানিয়েছেন বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বিজিবি জানায়, নিয়মিত টহল দল ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার রাজেষপুর, দেবপুর, চম্পকনগর, মধুগ্রাম সীমান্তে রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাইপথে আনা বিপুল ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, কাশ্মিরি চাদর, চশমা ও ২০ কেজি গাঁজা সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৮ লাখ ৪ হাজার ৪০০ টাকা।
ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, “জব্দ মালামালগুলো ফেনী কাস্টমস্ ও শুল্ক অফিসে জমাদান এবং মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানোর কাজ চলছে।
তিনি আরও বলেন, গত দু'মাসে সীমান্তে সাঁড়াশি অভিযানে কয়েক কোটি টাকার বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
“চোরাকারবারীদের তালিকা করে যৌথবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটকে অভিযান চালানো হচ্ছে,” বলেন বিজিবি কর্মকর্তা।