জামালপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত সহকারী জজ
“রডবোঝাই ট্রাকটির একটি চাকা বিকল হলে চালক ও তার সহযোগী সেটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন।”
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এক সহকারী জজের প্রাণ গেছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব।
নিহত ২৭ বছর বয়সী এ কে এম ছামিউল হক জামালপুর জেলা জজ আদালতে ইসলামপুর এলাকার সহকারী জজ পদে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।
এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ৪৬ বছর বয়সী ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন। তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ছামিউল হক প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুরে কর্মস্থলে ফিরছিলেন। পথে প্রাইভেটকারটি সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছামিউলের মৃত্যু হয়। পরে চালক ইদ্রিস আলীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।”
স্থানীয় জহুরুল ইসলাম বলেন, “রাতে রডবোঝাই ট্রাকটির একটি চাকা বিকল হলে চালক ও তার সহযোগী সেটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। প্রাইভেটকারটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।”
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে
ওসি নাজমুস সাকিব জানিয়েছেন।
