১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিষ্ঠানটির খাদ্যপণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও টেক্সটাইলে ব্যবহৃত রং পাওয়া যায় বলে জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 05:35 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার দুপুর ২টার দিকে পৌর এলাকার ‘অভি ফুড প্রোডাক্টসকে’ এ জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যপণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও টেক্সটাইল রং ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের পাওয়া যায়।

অভিযানে প্রতিষ্ঠানটি থেকে সংগ্রহ করা খাদ্যের নমুনা তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ‘অভি ফুড প্রোডাক্টসের’ মালিক অভিকে (২৬) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, “অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় অনিয়মের সত্যতা পাওয়ায় আইনি ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।”

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং পুলিশের একটি দল উপস্থিতি ছিলেন।