Published : 14 Jan 2026, 10:13 PM
গাইবান্ধায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২০ কিশোর-কিশোরী অংশ নেয়।
ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।
বুধবার বিকালে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’ এর মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও উদীচীর জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম।

এ সময় গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান এম আব্দুস সালাম এবং ফোকাস বাংলার গাইবান্ধা প্রতিনিধি কুদ্দুস আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন হ্যালোর গাইবান্ধা জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।

অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, অধিকার, জাতিসংঘ শিশু সনদ, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ, মাঠে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ, সেগুলোর সম্ভাব্য সমাধান এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সমন্বয়ক মো. মনির হোসাইন।
কর্মশালা শেষে অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় শিশু সাংবাদিকরা।