Published : 02 Jul 2025, 10:07 PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মাইক্রোবাসে তল্লাশি করে সোয়া দুই কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে; যেগুলো ভারত থেকে চোরাইপথে আনা হয়েছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় চালককে আটকের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক।
গ্রেপ্তার রাসেল মিয়া (২৯) কসবা পৌর সভার কল্যাণ সাগর এলাকার বাসিন্দা।
বুধবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা ও বিজয়নগর থানা-পুলিশ একটি মাইক্রোবাস আটক করে।
পরে মাইক্রোবাসটি তল্লাশি করে ৩৭টি বক্স থেকে ভারতীয় মোবাইল ফোনের ১১ হাজার ৬০০টি ডিসপ্লে জব্দ করা হয়; যার আনুমানিক বাজর মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানান তিনি।
তিনি বলেন, জব্দ করা মালামালগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসসহ চালক রাসেল আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।