১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিপদে পড়বে বিএনপি: আসিফ

বগুড়ার আদমদীঘিতে জামায়াতে ইসলামীর ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে এ কথা বলেন এনসিপি মুখপাত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 07:44 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি বিপদে পড়বে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, “বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে। একইসঙ্গে এতে দেশ একটি ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে।”

শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দাবি করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।”

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা থাকার সময় নিজের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, “স্থানীয় সরকার বিভাগে দায়িত্বে থাকাকালীন বগুড়া শহরকে সিটি করপোরেশনে রূপান্তর করেছি। খুব অল্প সময়ের মধ্যে সেটি সফলাতর মুখ দেখবে। 

“বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের এবং আগের জৌলুস ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেটির কাজ প্রায় শেষের পথে। আমরা হাতে খুব অল্প সময় পেয়েছি। এজন্য আমরা আবারও আপনাদের কাছে এসেছি। এবার ১১ দলীয় ঐক্যজোট যদি সরকার গঠন করতে পারে এবং নূর মোহাম্মাদ যদি এমপি হতে পারেন তাহলে এ এলাকার মানুষকে অনেক কিছু দেওয়ার রয়েছে।” 

সেইসঙ্গে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার কথা বলেছেন এনসিপি মুখপাত্র।

অনুষ্ঠানে বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, আদমদীঘি উপজেলা জামায়াতের আমির আতোয়ার রহমান, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির ওমর আলী এবং এনসিপির ইজাজ আল ওয়াসী জিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আদমদীঘি থেকে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’র একটি মিছিল সান্তাহার পৌর এলাকার স্বাধীনতা মঞ্চে গিয়ে আরেকটি সমাবেশে যোগ দেয়।