Published : 23 Jun 2026, 06:00 PM
ঢাকার ধামরাই উপজেলায় মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে।
এতে সড়ক ও জনপথ বিভাগের পরিচালিত এক্সক্যাভেটর চালক ও সহকারী আহত হয়েছেন। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপ বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক।
তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, “সড়ক বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি। অন্তত বছরে একবার হলেও এ ধরনের কর্মসূচি নেওয়া হয়। সরকারি সড়কের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং জনভোগান্তি বাড়ে।
“এসব বিবেচনায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন দোকানদার আমাদের কর্মীদের ওপর হামলা চালান। তাদের আচরণ অনেকটা ‘মবের’ মত ছিল। এতে আমাদের কাজ বাধাগ্রস্ত হয়। হামলায় এক্সক্যাভেটর চালক গুরুতর আহত হন।”
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, “ঢুলিভিটা এলাকায় শান্তিপূর্ণভাবে প্রায় দেড় ঘণ্টা অভিযান পরিচালিত হয়। এ সময় হঠাৎ কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে খননযন্ত্রের চালককে ইট-পাটকেলের আঘাতে আহত করেন।
“ঘটনার পেছনে কারা জড়িত এবং কারও ইন্ধন রয়েছে কি-না, তা তদন্ত করে দেখা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনে নিয়মিত মামলা করা হবে।”
সড়ক বিভাগের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান।