‘মাদক কারবারি আত্মসমর্পণ না করলে ছবি টানিয়ে দেওয়া হবে’
কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশে এই ঘোষণা দেন জেলা পুলিশ সুপার।
মাদক কারবারি আত্মসমর্পণ না করলে ছবি টানিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
তিনি বলেছেন, “১৬ অগাস্ট থেকে কুমিল্লার সব থানায় একযোগে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালানো হবে। এর আগে মাদক কারবারিরা আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হতে পারে।
“না করলে এলাকায় মাদক কারবারিদের ছবি টানিয়ে সামাজিকভাবে অবাঞ্ছিত করা হবে।”
মঙ্গলবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশে এই ঘোষণা দেন জেলা পুলিশ সুপার।
আনিসুজ্জামান বলেন, “প্রতিটি থানায় একটি তথ্য বাক্স স্থাপন করা হবে। সেখানে সবাই মাদক কারবারিদের নাম ও অভিযোগ দিতে পারবেন। আমরা এখনও বলছি, মাদক কারবারিরা আত্মসমর্পণ করুন।”
সমাবেশে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, মাদকের বিরুদ্ধে বিএনপি সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করছে।
সমাবেশে কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থীকে ‘মাদককে না বলি’ স্লোগানের মাধ্যমে শপথবাক্য পাঠ করান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।
জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী শোভাযাত্রায় অংশ নেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।
