১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির ৫ পদে আওয়ামী লীগ সমর্থিতরা বিজয়ী

সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত মো. আমিনুল ইসলাম রতন টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির ৫ পদে আওয়ামী লীগ সমর্থিতরা বিজয়ী
সভাপতি মো. শহিদুল আলম (বাঁ দিকে) ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 02:47 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টির মধ্যে সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিএপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সভাপতিসহ আওয়ামী লীগ সমর্থিতরা জয় লাভ করেছেন পাঁচটি পদে।

বুধবার দিনভর আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১টার দিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এসএম মাহবুবুর রহমান জানান, বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৬০৭ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত মো. শহিদুল আলম টানা তৃতীয়বার এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত মো. আমিনুল ইসলাম রতন টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন।

শহিদুল আলম পেয়েছেন ৪২১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে আমিনুল পেয়েছেন ২৯১ ভোট। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শেখ শহিদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ১৩৪ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে মো. মানিক (বিএনপি) ও মো. আব্দুর রশিদ ভুঁইয়া (আওয়ামী লীগ), সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা ও শাহিনুর কলি (বিএনপি), লাইব্রেরি সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল বোখারী (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক পদে এ এম ছাজ্জাদুল হক (বিএনপি) এবং অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক (বিএনপি)।  

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পাঁচ কার্যকরী সদস্য হলেন- আওয়ামী লীগ সমর্থিত কফিল উদ্দিন, মোহাম্মদ সারোয়ার জাহান সানি ও মো. সোহাগ মিয়া, বিএনপি সমর্থিত মো. আবু তাহের হারুন ও মো. আহসানুজ্জামান নাসির।