পঞ্চগড়ে বালু উত্তোলনের সময় মর্টার শেল উদ্ধার
“মর্টার শেলটি অনেক পুরনো। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার।”
পঞ্চগড় সদর উপজেলায় বালু উত্তোলনের সময় পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার চিলকা নদীতে বালু উত্তোলনের সময় মর্টার শেলটি শ্রমিকরা পান বলে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান।
পুলিশ জানায়, শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম বালু উত্তোলনের সময় মর্টার শেলটি পান। পরে তারা সেটি মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিয়ে যান।
কিন্তু ঘটনাটি জানাজানি হলে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আশরাফুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা করে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবেন।
“মর্টার শেলটি অনেক পুরনো। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার।”
