১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুক্তিযুদ্ধ বিশ্বের বুকে এক অনন্য উদাহরণ: সাখাওয়াত হোসেন

বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 10:02 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

মুক্তিযুদ্ধ বিশ্বের বুকে এক অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, “নয় মাসের মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, আমরাই শেষ করেছি। এটা আমাদের যুদ্ধ। বিশ্ববাসী জানে এই ঘটনা। তবে আমাদের যুদ্ধে ভারতের সহযোগিতা ছিল, আমরা সেটাও স্মরণ করি। এটা একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই। আমাদের স্বাধীনতা যুদ্ধ বিশ্বের বুকেই এক অনন্য উদাহরণ।”   

মুক্তিযুদ্ধের এত বছর পরে এসে এ ধরনের কথায় যারা যুদ্ধ করেছেন তারাও আহত হবেন মন্তব্য করে সাখাওয়াত হোসেন বলেন, “ভারতের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন, সেটি তার ব্যক্তিগত। ১৬ ডিসেম্বর এবং নয় মাসের যুদ্ধ এটি বাংলাদেশের। নয় মাস আমাদের দেশ বড় রক্তপাতের মাধ্যমে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে। আমাদের নারীরা সম্ভ্রম হারিয়েছেন।”  

আগামী জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, “যখন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, তখন নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে। সংস্কারগুলো শেষ হবে আশা করি; সেগুলো আমরা দেখব, এখন শেষ হয়নি। অবশ্যই উনার মাথায় নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কী সংস্কারের পরে হবে এগুলো আছে। এগুলো সময়মত জানতে পারবেন।” 

কুচকাওয়াজ অনুষ্ঠান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী প্রশিক্ষককে দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌ-বাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। যাতে মেরিন একাডেমিতে পড়াশুনা শেষ করে নৌ বাহিনীতে যোগ দিতে পারে।”  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ৪১ জন ক্যাডেটকে শপথবাক্য পাঠ করানো হয়।