১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে মিলল অসুস্থ তিন শকুন

চিকিৎসা ও পরিচর্যায় সুস্থ হলে শকুন তিনটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বনবিভাগ।

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে মিলল অসুস্থ তিন শকুন
প্রতিটি শকুনের ওজন ৫ থেকে ৭ কেজি বলে জানিয়েছে বনবিভাগ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 07:09 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে তিনটি অসুস্থ শকুন উদ্ধার করেছে বন বিভাগ; যার প্রতিটির ওজন ৫ থেকে ৭ কেজি।

বুধবার সকালে পাটগ্রাম উপজেলার জগতবের ও ব্যাংককান্দা এলাকার ভুট্টা ক্ষেত থেকে শকুন তিনটি উদ্ধার করা হয় বলে স্থানীয় আলাউদ্দিন প্রধান বাদশা জানান।

তিনি বলেন, “শকুন তিনটি উড়তে না পারায় ভুট্টা ক্ষেতেই পড়ে ছিল। পরে ধরে বাড়িতে নিয়ে এসে বন কর্মকর্তাদের হাতে তুলে দিই।”

পাটগ্রাম উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিমের ভাষ্য, “শকুনগুলো সাধারণত হিমালয় পার্বত্য অঞ্চল থেকে শীতকালে এ অঞ্চলে আসে। তীব্র শীত ও খাদ্য সংকটের কারণে অনেক সময় তারা অসুস্থ হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকে।”

“উদ্ধার হওয়া শকুন তিনটিকে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হবে। সেখানে চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে,” বলেন রেজাউল।