১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে ‘সাড়ে ৪ কোটি টাকার সোনার বারসহ দুই পাচারকারী’ গ্রেপ্তার

তিন কেজি ৯৫ গ্রাম ওজনের সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।

যশোরে ‘সাড়ে ৪ কোটি টাকার সোনার বারসহ দুই পাচারকারী’ গ্রেপ্তার
যশোর শহরে তিন কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি সোনার বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 09:59 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর সদর উপজেলা থেকে ২৩টি সোনার বারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের পাচারকারী বলছে বিজিবি। জব্দ করা সোনার ওজন তিন কেজি ৯৫ গ্রাম।

শনিবার ভোরে উপজেলার চুড়ামনকাটির মুরাদগড় বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

গ্রেপ্তাররা হলেন- শার্শা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, গোপন খবর পেয়ে ভোরে বিজিবির একটি বিশেষ দল মুরাদগড় বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে হেঁটে আসতে দেখে তাদের দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। 

পরে তাদের শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩টি সোনার বার উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা বলে জানান তিনি।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “তারা ঢাকার সদরঘাট এলাকার একটি চক্রের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছিলেন।”

দুপুরের পর আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এর আগে যশোর শহরের নীলগঞ্জ সেতুর ওপর থেকে দুই দফা অভিযান চালিয়ে ১৫টি সোনার বারসহ দুইজনকে আটক করেছিল বিজিবি।