মাইলস্টোনের আয়া মাসুমাকে ভোলায় দাফন
শনিবার সকালে মাসুমা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত প্রতিষ্ঠানটির আয়া মাসুমাকে ভোলার বোরহানউদ্দিনে দাফন করা হয়েছে।
রোববার সকালে জানাজা শেষে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শনিবার সকাল সোয়া ১০টায় ৩৮ বছর বয়সী মাসুমা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান।
পরে রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। তাকে একনজর দেখার জন্য স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীরা ভিড় করেন।
মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। স্বামী মো. সেলিম ঢাকায় একটি বায়িং হাউজে চালক হিসেবে কাজ করেন। মাসুমা স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তুরাগ থানার নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় বসবাস করতেন।
