১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে সড়কের পাশে ব্যবসায়ীর লাশ, ‘আঘাতের চিহ্ন’

“তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 01:39 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

টাঙ্গাইলের সদর উপজেলায় এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানিয়েছেন।

নিহত ৪৮ বছর বয়সী মাসুদ মিয়া ওই গ্রামের মো. লাল মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

মগড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরহাদ আলী বলেন, “শনিবার রাত ১০টার দিকে মাসুদ তার মুদির দোকান বন্ধ করে বাড়ি যান। পরে দোকানের কাজ আছে বলে স্ত্রীকে জানিয়ে আবার বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। 

“ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা কুইজবাড়ী এলাকার একটি সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।”

তিনি বলেন,“মাসুদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে ওসি গোলাম মুক্তার বলেন, “মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”