১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘থানা-পুলিশ ম্যানেজ’ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

“মাটি খেকোরা আগে থেকেই পুলিশকে সময় জানিয়ে দেয় কখন মাটি কাটবে”, বলেন তিনি।

‘থানা-পুলিশ ম্যানেজ’ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত
কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 11:36 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

‘থানা-পুলিশকে ম্যানেজ’ করেই গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি বলেন, “থানা পুলিশকে ম্যানেজ করেই গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। মাটি খেকোরা আগে থেকেই পুলিশকে সময় জানিয়ে দেয় কখন মাটি কাটবে।

“এসিল্যান্ড বা ইউএনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ তাদের সতর্ক করে দেয়, ফলে স্পটে কাউকে পাওয়া যায় না। এক থেকে দুই লাখ টাকা জরিমানাকেও তারা বিনিয়োগ হিসেবে ধরে নেয়।”

অভিযানে যাওয়ার আগেই থানা থেকে তথ্য ফাঁস করা হয় দাবি করে নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত বলেন, “আমি গতকাল রাতে গোমতীর বিভিন্ন স্পট পরিদর্শন করেছি, তখন কেউ সাহস করেনি মাটি কাটতে।”

এ ঘটনায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “দেবিদ্বার অংশে পাঁচটি স্পটের একটিতেও যেন আর এক কোদাল মাটি কাটা না হয়। অন্যথায় আমি ধরে নেব আপনারা প্রশ্রয় দিচ্ছেন। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দেবিদ্বার থানার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হাসনাত আব্দুল্লাহ ওসির উদ্দেশে বলেন, “আপনি (ওসি) আন্তরিক হলেও আপনার কিছু কর্মকর্তা ‘ফুললি করাপ্টেড’। 

“সেকেন্ড অফিসার মতিন ও এসআই ভবতোষ টাকা ছাড়া এক কদম পা ফেলে না। আমি প্রমাণ নিয়ে বলছি। এ বিষয়ে আপনি পদক্ষেপ নিবেন। আপনার অফিসারদের নিয়ে বসেন, না হয় খুব জনরোষের শিকার হবেন আপনি।”

এ ছাড়া থানাকে ‘দালালমুক্ত’ করতে এবং ভুক্তভোগীরা যেন সরাসরি ওসি সঙ্গে কথা বলতে পারেন সে ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, ওসি মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দেবিদ্বার নিউ মার্কেট এলাকার ভাসমান ব্যবসায়ীদের স্থানান্তর করে পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেটে নিয়ে যাওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।