১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় দোকানি ও ২ ছেলেকে কুপিয়ে জখম করা যুবককে পিটিয়ে হত্যা

মুদি দোকানটি হাবিবুলের বসতবাড়ির পাশেই অবস্থিত হওয়ায় শব্দ পেয়ে তিনি বাইরে বের হন এবং চোরকে হাতেনাতে আটকানোর চেষ্টা করেন।

পাবনায় দোকানি ও ২ ছেলেকে কুপিয়ে জখম করা যুবককে পিটিয়ে হত্যা
পাবনার ঈশ্বরদীতে সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামের ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 04:29 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

পাবনার ঈশ্বরদীতে ‘চুরি করতে’ দোকানে প্রবেশ করা এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার আগে যুবকের ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান।

নিহত মানিক হোসেন ওরফে সুমন (৩২) উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে।

স্থানীয় ও আহতদের বরাতে পুলিশ জানায়, রোববার গভীর রাতে মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামের বাসিন্দা হাবিবুল মণ্ডলের মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মানিক। 

দোকানটি হাবিবুলের বসতবাড়ির পাশেই অবস্থিত হওয়ায় শব্দ পেয়ে তিনি বাইরে বের হন এবং চোরকে হাতেনাতে আটকানোর চেষ্টা করেন।

এ সময় অভিযুক্ত মানিক তার কাছে থাকা চায়নিজ কুড়াল জাতীয় একটি ধারালো অস্ত্র দিয়ে হাবিবুলের হাত ও পিঠে এলোপাতাড়ি কোপাতে থাকেন। 

তখন হাবিবুলের আর্তচিৎকারে তার দুই ছেলে বাবাকে বাঁচাতে এগিয়ে এলে মানিক তাদের ওপরও হামলা চালান এবং কুপিয়ে গুরুতর জখম করেন।

এর মধ্যেই তাদের চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা মানিককে ঘিরে ধরে ফেলে এবং ক্ষুব্ধ হয়ে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।

ওসি আসাদুর রহমান বলেন, ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় মুদি দোকানি হাবিবুল ইসলাম এবং তার দুই ছেলেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।