১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এই নির্বাচনে ‘রাইটিস্টরা’ ঐক্যবদ্ধ: জামায়াত নেতা তাহের

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 03:44 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

জামায়াতে ইসলামীর নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এরপর তিনি সাংবাদিকদের বলেন, “এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এক নম্বর- এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে, আওয়ামী লীগ নেই। দুই- এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন- ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল, এবং যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ, রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাধারী, পরিবর্তনকারী সেই ভূমিকার সঙ্গে যারা ছিল তারা সবাই এবার ঐক্যবদ্ধ। 

“এটা অতীতে আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ, দু-একটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে।” 

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের চৌদ্দগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। 

তিনি বলেন, “যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে।”