দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে ট্রেন বন্ধ করে কর্মবিরতির হুমকি
রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ময়মনসিংহ অঞ্চলের নেতারা এই ঘোষণা দিয়েছেন।
মাইলেজ যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি মানা না হলে ট্রেন বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ময়মনসিংহ অঞ্চলের নেতারা।
সোমবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে বিক্ষোভ করে লোকোমাস্টার, গার্ড ও টিটিই নেতারা ঘোষণা করেন, ২৭ জানুয়ারির মধ্যে এই ঘোষণা না এলে তারা ২৮ জানুয়ারি থেকে ট্রেন বন্ধ করে কর্মবিরতিতে যাবেন।
ময়মনসিংহ রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, “আমাদের দাবি-দাওয়া পূরণে বারবার রেলওয়ে কর্তৃপক্ষকের কাছে চিঠি দেওয়া হয়েছে। এতদিন পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা করছে না। তারা বারবার সময় চাইছে।
“কেন্দ্রীয় নেতারা মহাপরিচালকের সঙ্গে সভা করে ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ২৮ জানুয়ারি সকাল থেকে ট্রেন বন্ধ করে কর্মবিরতি শুরু হবে।”
এর আগে ২ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মাইলেজের দাবিতে সারাদেশের মত ময়মনসিংহেও কর্মবিরতি শুরু হয়। তিনটি রেলপথে আট জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ‘ভাওয়াল মেইল’ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লোকাল ট্রেনগুলোর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ময়মনসিংহ থেকে নেত্রকোণার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।
বিক্ষোভের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রার্নিং স্টাফ ঐক্য পরিষদ ময়মনসিংহ অঞ্চলের সদস্য আমিনুল ইসলাম, নাজমুল আলম কাজল, সজীব দত্ত, নূরন্নবী, সাখাওয়াত হোসেন, রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেওয়াটখালী শাখার সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. হানিফ, গার্ড কাউন্সিলের সদস্য ইউনুছ আলী মোল্লা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিজয় মিত্র শুভ, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম।
