Published : 16 Aug 2026, 09:28 PM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরিষার তেল মাখানো কলাগাছে ওঠার প্রতিযোগিতা হয়েছে।
রোববার বিকালে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ প্রতিযোগিতা হয় বলে জানান গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
প্রতিযোগিতা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ জড়ো হন। প্রতিযোগিতার আগে মাঠে দুটি বড় কলাগাছ পুঁতে তাতে ভালোভাবে সরিষার তেল মাখানো হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা।
সরিষার তেল মাখানো পিচ্ছিল কলাগাছে ওঠার লড়াইয়ে ১০ মৎস্যজীবী অংশ নেন। দর্শকদের করতালি আর উৎসাহে জমে ওঠে গোপালগঞ্জের কোটালীপাড়ার এ ব্যতিক্রমী আয়োজন।
প্রতিযোগিতায় রাজু মণ্ডল প্রথম, সঞ্জয় বাড়ৈ দ্বিতীয় এবং রবিউল শেখ তৃতীয় হন।
প্রতিযোগিতা দেখতে আসা মৎস্য ব্যবসায়ী মোক্তার সরদার বলেন, মৎস্যচাষিদের অংশগ্রহণে আয়োজনটি বেশ উৎসবমুখর হয়েছে। তার জানা মতে, কোটালীপাড়ায় এ ধরনের আয়োজন এবারই প্রথম। গ্রামীণ এ ধরনের খেলা ধরে রাখা উচিত।
সংসদ সদস্য এস এম জিলানী বলেন, এ ধরনের গ্রামীণ খেলা আমাদের ঐতিহ্য ধরে রেখেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।
এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য এস এম জিলানী, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্যচাষীরা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষি ও কলাগাছে ওঠার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য এস এম জিলানী।