Published : 15 Nov 2025, 03:40 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
শনিবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান।
দুই শিশু হচ্ছে ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাৎ ওরফে চাঁদ (৭) এবং একই উপজেলার শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)।
স্থানীয়দের বরাতে ওসি মিজানুর রহমান বলেন, ফেরদৌস মিয়ার ভাই ও গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই পরিবারটির বাড়িতে ভিড় করেন স্বজনরা।
এমন শোক ভারাক্রান্ত অবস্থার মধ্যে শনিবার সকাল সোয়া ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে যায়। এক পর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অপর শিশু দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
ওসি আরও বলেন, দুই শিশুকে গুরুতর অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।