ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ইউনিয়ন পরিষদ সচিবের প্রাণ গেছে।
করিমপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি মাহামুদুল হাসান জানিয়েছেন।
নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর জেলা সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, রিবুল মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ওসি মাহামুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
