১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে কিশোরের লাশ মিলল সুপারি বাগানে, চাওয়া হয়েছিল ‘মুক্তিপণ’

ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হলে সাধারণত রাত ৮টার মধ্যেই রাজিব বাড়ি ফিরে আসত।

লক্ষ্মীপুরে কিশোরের লাশ মিলল সুপারি বাগানে, চাওয়া হয়েছিল ‘মুক্তিপণ’
রাজিব হোসেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 05:33 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পর এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ সুপারিবাগান থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের বলছে, তাকে অপহরণ করা হয়েছে জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। 

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন। 

নিহত ১৪ বছর বয়সী রাজিব হোসেন একই ইউনিয়নের ফজু মোল্লা স্টেশন এলাকার মোস্তফার ছেলে। তারা বাবা ও ছেলে দুজনেই ব্যাটারিচালিত রিকশা চালাতেন। 

পরিবারের সদস্যরা জানান, রিকশা নিয়ে বের হলে সাধারণত রাত ৮টার মধ্যেই রাজিব বাড়ি ফিরে আসত। শুক্রবার রাতে তিনি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পায়নি।

এরপর পরে বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। এর মধ্যে রাজিবের অটোরিকশাটি উপজেলার উদমারা এলাকা থেকে উদ্ধার করা হয়।  

পরে শনিবার সকালে ক্যাম্পেরহাট এলাকায় রাজিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। 

রাজিবের মামা শাহজাহান মাঝি বলেন, “একটি মোবাইলফোন নম্বার থেকে রাজিবকে অপহরণ করা হয়েছে বলে কল দেওয়া হয়৷ তারা তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ চায়। ওই টাকা না দেওয়ায় আমার ভাগিনাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।”

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। 

পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, নিখোঁজের পর রাজিবের রিকশাটি উদ্ধার করা হয়। পরে বাগান থেকে তার মরদেহও উদ্ধার করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে মুক্তিপণ দাবির বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।