১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা, বাবা আটক

“মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 12:23 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকাসক্ত এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানিয়েছেন।

নিহত ২৫ বছর বয়সী মেহেদী হাসান শুভ খাঁন ওই এলাকার আব্দুল বারেক খানের ছেলে।

ভোররাতে ছোনাউটা এলাকা ঘুমন্ত অবস্থায় ছেলেকে বাবা বারেক খান দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, শুভ মাদকের টাকা জোগাড় করতে গিয়ে বিভিন্ন অপরাধ করতেন। বিভিন্ন সময় মাদক সেবনের টাকার জন্য বাড়ির আসবাব ভাঙচুর এবং মা-বাবার সঙ্গেও খারাপ আচরণ করতেন। তার অত্যাচারে মা-বাবাসহ স্বজনরা অতিষ্ঠ ছিলেন।

শনিবার রাতে শুভ মোটরসাইকেল কেনার জন্য তার বাবার কাছে তিন লাখ টাকা চায়। তাকে টাকা না দিলে ঝগড়াঝাঁটি করে স্থানীয় আমুয়া বাজারে গিয়ে বাবাকে হত্যার জন্য দা কিনে নিয়ে আসে। পরে শুভ ঘুমিয়ে পড়লে সেই দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন তার বাবা।

ওসি আবু নাছের বলেন, “মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”