১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে সরকারি চাল জব্দ, ছাত্রদলের ৭ নেতাকর্মী কারাগারে

সিরাজগঞ্জ শহর থেকে ৬৫ টন এবং রায়গঞ্জ থেকে ৬ টন চাল জব্দ করা হয়েছে।

সিরাজগঞ্জে সরকারি চাল জব্দ, ছাত্রদলের ৭ নেতাকর্মী কারাগারে
সিরাজগঞ্জে সরকারি চাল জব্দের মামলায় ছাত্রদলের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 01:09 AM

Updated : 26 Aug 2026, 12:49 PM

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ৭১ টন সরকারি চাল জব্দ করেছে যৌথবাহিনী। 

এ ঘটনায় রায়গঞ্জ থেকে ছাত্রদলের সাত নেতাকর্মীকে আটক করা হলেও সিরাজগঞ্জ শহরে কেউ আটক হয়নি।

শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা জানান।   

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, রায়গঞ্জের নিমগাছি অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, সহসভাপতি আইয়ুব আলী, সোনাখাড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাদ্দাম হোসেন, সহসভাপতি আব্দুল মতিন এবং তাদের সহযোগী ফিরোজ ও ইমরান। 

এর আগে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ উপজেলায় সেনা ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ সেনা বাহিনীর ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের এস বি ফজলুল হক রোডের মালসাপাড়ায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। ওই সময় গুদামে থাকা হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।

অপরদিকে, একই সময়ে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ছয় টন সরকারি চাল জব্দ এবং এর সঙ্গে জড়িত সাতজনকে আটক করা হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন রাতে বলেন, মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে ৬৫ টন চাল জব্দ করা হয়েছে। ওই মিলের অভ্যন্তরে দিনভর জব্দকৃত চাল পরিমাপ করে তা সরকারি গুদামে হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মিল মালিক ইয়াকুব আলীসহ জড়িতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। 

ইউএনও আরো বলেন, উদ্ধার হওয়া চালগুলো ভিজিএফ বা ভিজিডিসহ সরকারি বিভিন্ন প্রকল্পের। যা অবৈধভাবে ক্রয় করে গুদামজাত করে রাখা হয়েছিল। 

অপরদিকে, রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা বলেন, চাল জব্দ এবং সাতজন আটকের ঘটনায় মামলা হয়েছে।  গ্রেপ্তার ব্যক্তিদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, “বিষয়টি আমি শুনেছি। তবে আজকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি থাকায় এ ব্যাপারে খোঁজ-খবর নিতে পারিনি। এ ব্যাপারে বিস্তারিত জেনে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।”