Published : 03 Jul 2026, 10:55 PM
বরগুনার তালতলীতে প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগ মুহূর্তে মাঠে অনুশীলনের সময় এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। এরপরই ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।
শুক্রবার বিকালে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে বলে তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান।
মৃত ব্যক্তির নাম খোকন কর্মকার (৪০)। তিনি উপজেলার মালিপাড়া এলাকার দিলীপ কর্মকারের ছেলে।
তার মৃত্যুর ঘটনায় মাঠে উপস্থিত খেলোয়াড়, সমর্থক ও বন্ধুদের মধ্যে শোকাবহ পরিবেশ তৈরি হয়। অনেকে কান্নায় ভেঙে পড়েন।
আয়োজকরা জানান, এইচএসসি-২০০০ ব্যাচের বন্ধুদের আয়োজনে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচটি শুরুর আগে মাঠে অন্যান্য বন্ধুদের সঙ্গে অনুশীলন করছিলেন খোকন। অনুশীলনের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।
উপস্থিত বন্ধু ও সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোকন কর্মকারের বন্ধু পরিতোষ বলেন, “খেলার আগে আমরা সবাই খুব আনন্দ নিয়ে অনুশীলন করছিলাম। হঠাৎ করেই খোকন অসুস্থ হয়ে মাঠে পড়ে যান। আমরা মুহূর্তের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষ রক্ষা হল না। আমাদের বন্ধুকে আর বাঁচানো গেল না।”
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সব্যসাচী দাস সানী বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই খোকন কর্মকারের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমে বা অতিরিক্ত উত্তেজনার কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।”
তালতলী থানার ওসি সাইদুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”