দিনাজপুরের নদীতে গোসলে নেমে প্রাণ গেল ইন্দোনেশিয়ার নাগরিকের
তিনি তাবলীগ জামায়াতের সঙ্গে ঘোড়াঘাটে আসেন এবং কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছিলেন।
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন ইন্দোনেশিয়ার এক নাগরিক।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুলাকীপুর ইউপির অন্তর্গত করতোয়া নদীর কুলানন্দপুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান।
বিদেশি ওই নাগরিকের নাম ফাইজির রহমান (৪৮)। তিনি তাবলীগ জামায়াতের সঙ্গে ঘোড়াঘাটে আসেন এবং কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছিলেন।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান বলেন, সকালে নদীতে নেমে ডুবে যান ফাইজির রহমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে।
প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।
ঘোড়াঘাট থানার ওসি নামজুল বলেন, ইন্দোনেশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ইন্দোনেশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।
