১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করলেন ইউএনও

পড়াশোনায় মনোযোগ বাড়ানো ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 10:50 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

তিনি বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে মোবাইল ফোনের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটে এবং মনোযোগ নষ্ট হয়।”

ইউএনও বলেন, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হবে না। প্রথমে বিষয়টি অভিভাবককে জানানো হবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকের সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানায়, ২৩ মে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধের সিদ্ধান্ত হয়। 

ওই সভায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক উপস্থিত ছিলেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতে বৃহস্পতিবার ইউএনও কার্যালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে অনেক শিক্ষার্থীর পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে। পাশাপাশি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমে বেশি সময় ব্যয় করছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আদেশের অনুলিপি জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সেইসঙ্গে উপজেলার সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।