সিলেটে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৩ জন চিকিৎসাধীন।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণ গেছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃত ১০ মাস ২৯ দিন বয়সি অবিন্দন দাশ সিলেট সদর উপজেলার বাসিন্দা দিগলাল দাশের ছেলে। অপরজন এক বছর ছয় মাস বয়সি জান্নাত সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা তালেবের ছেলে।
হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৩ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়। বাকী ১১২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে ৭৫৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়ার কথা জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে।
