চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ পথে রেল বন্ধ
বিকাল সাড়ে ৪টার দিকে আউলিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন জানান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেসের’ ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণ আসে।
এ ঘটনায় সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
