Published : 26 Nov 2025, 05:07 PM
সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা সিরাজগঞ্জ শহরে মিছিল এবং জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা এ স্মারকলিপি দেন।
তাদের দাবির মধ্যে রয়েছে- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ১০ হাজার টাকা নির্ধারণ, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা খরচের সীমা নির্ধারণ, নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, আঞ্চলিক ও প্রশাসনিক কারসাজি বন্ধ এবং নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।
বাম গণতান্ত্রিক জোটের জেলা আহ্বায়ক এবং জেলা সিপিবির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বাম গণতান্ত্রিক জোটের সদস্যসচিব বাসদ নেতা নব কুমার কর্মকার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমিন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক বাদশা তালুকদার, সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক শেখ সুলতান আহমদ, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকার।