Published : 03 Jul 2025, 08:44 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘাস কাটা মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দামুড়হুদা মডেল থানার এএসআই মাসুরা খাতুন।
নিহত আলম গোয়ালা (৩৭) এবং মুংলা গোয়ালা (৪৩) ওই গ্রামের প্রয়াত ইছাহাক আলীর ছেলে।
এএসআই মাসুরা বলেন, বিকালে দুই ভাই মেশিন দিয়ে বাড়িতে ঘাস কাটছিলেন। এ সময় মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। প্রথমে আলম বিদ্যুৎস্পৃষ্ট পড়ে গেলে বড় ভাই মুংলা তার হাতে থাকা কাচি দিয়ে তার কাটার চেষ্টা করেন। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন।
ঘটনাস্থলেই আলম মারা যান। গুরুতর অবস্থায় মুংলাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এএসআই মাসুরা।