১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

হোটেল কর্তৃপক্ষ বিভিন্ন সময় ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাননি। পরে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 08:33 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

গোপালগঞ্জের শহরের আবাসিক হোটেলের কক্ষ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে শহরের কালিবাড়ি রোডের জিমি হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম।

লাশ উদ্ধার হওয়া আলহাম মিয়া (৬১) রাজবাড়ী জেলার সদর উপজেলার কাজীকান্দা গ্রমের ইউছুব মোল্যার ছেলে। 

ওসি শাহ আলম বলেন, আলহাম মিয়া গত ২৫ নভেম্বর দাপ্তরিক কাজের জন্য রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে জেলা শহরের জিমি হোটেলে ওঠেন। তারপর থেকে তিনি কাজ শেষে ওই কক্ষে অবস্থান করছিলেন। 

তবে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে বিভিন্ন সময় ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাননি। পরে খবর দিলে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। 

এ সময় তার কাছে থাকা কয়েকটি আইডি কার্ড, মোবাইল ফোন উদ্ধার করে। 

ওসি আরও বলেন ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে ও একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।