Published : 08 Jan 2026, 06:28 PM
হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনের ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী এস এম সরওয়ারকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বৃহস্পতিবার বলেন, বুধবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিলেটের সিভিল জজ আদালতের বিচারক মো. জামাল উদ্দিন এ নোটিশ দিয়েছেন। প্রার্থীকে ১২ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সরওয়ারের নির্বাচনি প্রচারের একটি ভিডিও ৬ জানুয়ারি স্থানীয় একটি অনলাইনের ফেইসবুক পেইজে প্রকাশিত হয়েছে। এটি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
প্রাথমিকভাবে এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। এ কারণেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বসহকারে যাচাই-বাছাই করা হচ্ছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার বলেন, “নোটিশ পেয়েছি। আইনজীবীর মাধ্যমে এর জবাব দেওয়া হবে।”