১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাইকে জমি দান: গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

রহিমা বেগম সম্প্রতি তার ভাইকে এক কাঠা জমি দান করেন। একে কেন্দ্র করে নুরুল গাজীর সঙ্গে মামা ও মামাতো ভাইদের বিরোধ সৃষ্টি হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 11:50 AM

Updated : 26 Aug 2026, 03:25 PM

গোপালগঞ্জে সদর উপজেলার ভাইকে জমি দান করা নিয়ে বিরোধে ছেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ থানার ‍ওসি মো. আনিচুর রহমান।  

নিহত ৮৫ বছর বয়সী রহিমা বেগম ওই গ্রামের মৃত মালেক গাজীর স্ত্রী। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে তাদের ছেলে নুরুল গাজী। 

পরিবারের বরাতে ওসি জানান, রহিমা বেগম সম্প্রতি তার ভাইকে এক কাঠা জমি দান করেন। একে কেন্দ্র করে নুরুল গাজীর সঙ্গে তার মামা ও মামাতো ভাইদের বিরোধ সৃষ্টি হয়। 

এ নিয়ে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রহিমা বেগম ঝগড়া থামাতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। এ সময় নুরুল গাজী তার বৃদ্ধ মাকে সজোরে ধাক্কা দেন। 

এতে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের চিকিৎসক জিলানী বলেন, “হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে।”

ওসি আনিচুর রহমান বলেন, ঘটনার পর থেকে ছেলে পলাতক। লাশের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।