Published : 09 Jul 2026, 09:11 PM
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটির গোপালপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান।
নিহতরা হলেন- গড়মাটি এলাকার তফেজ উদ্দিন ঝড়ুর ছেলে ও ইজিবাইক চালক রান্টু মিয়া (২৮), উপজেলার পার গোপালপুর গ্রামের প্রয়াত কৃপানাথ বিশ্বাসের ছেলে ত্রৈলক্ষ্য বিশ্বাস (৫৫) এবং গড়মাটি খানপাড়া এলাকার চাঁদ আলী খানের ছেলে শিপন খান (২৫)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বনপাড়া থেকে ঈশ্বরদীগামী মাল বোঝাই ট্রাকটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক রান্টু মিয়া ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজন গুরুতর আহত হন। তাদের নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
নাটোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সামিউল ইসলাম শান্ত বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ত্রৈলক্ষ্য বিশ্বাস মারা যান। শিপন খানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। পথে তিনিও মারা যান।
ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।