Published : 26 Aug 2026, 07:53 PM
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা খেটে বাড়ি ফেরা হলো না এক ব্যক্তির। সাজার শেষ দিন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন তিনি।
বুধবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা কারাগারের সুপার মাঈন উদ্দিন ভূঁইয়া।
মৃত ৪০ বছর বয়সি নাদিম শহরের মিশন রোড এলাকার আলাউদ্দিনের ছেলে।
কারাগার থেকে জানা গেছে, নাদিম মাদকের মামলায় ১০ দিনের সাজা নিয়ে কারাগারে ছিলেন। সাজার মেয়াদ বুধবার শেষ এবং বৃহস্পতিবার তার কারামুক্ত হবার কথা ছিল।
জেলা সুপার মাঈন উদ্দিন বলেন, ১৭ অগাস্ট নাদিমকে জেলা কারাগারে নেওয়া হয়। সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দিনাজপুর জেলা কাগারের জেলার সিরাজুস সালেহীন বলেন, ময়নাতদন্তের জন্য নাদিমের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।