০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে এল ফ্লাইট, যাত্রীদের ফুলেল শুভেচ্ছা

সিলেট-কক্সবাজার পথেও ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 07:27 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। 

রোববার দুপুর ১২টা ১৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০৮ ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 

তখন যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

যাত্রীদের শুভেচ্ছা জানানোর পর সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক উদ্যোগ ও নির্দেশনায় এ পথ পুনরায় চালু হয়েছে; যা যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটি প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। সরকার এ পথের নিয়মিত ও টেকসই পরিচালনায় বদ্ধপরিকর। 

“যাত্রীসেবার মানোন্নয়ন, বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা এবং রেমিট্যান্স যোদ্ধাদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি কার্যকর আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র (রিজিওনাল হাব) হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে আকাশ যোগাযোগ সম্প্রসারণে সরকার ইতিবাচকভাবে কাজ করছে।”

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “সিলেটে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। উন্নত বিমান যোগাযোগের মাধ্যমে পর্যটন-বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। নিরাপদ, আধুনিক ও যাত্রীবান্ধব বিমানসেবা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টিই সরকারের লক্ষ্য।”

এ সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ উপস্থিত ছিলেন।

সিলেট-কক্সবাজার ফ্লাইট চালু হবে

সিলেট-কক্সবাজার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। 

তিনি বলেন, “সিলেট-কক্সবাজার পথে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে আলাপ-আলোচনা করছি। আশা করছি, খুব শিগগিরই এই পথে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে।”

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, “সিলেটকে আমরা একটি পূর্ণাঙ্গ পর্যটন হাবে পরিণত করতে চাই।”

সিলেট-ঢাকা পথে বিমানের ভাড়া পুনর্নিধারণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  মন্ত্রী বলেন, “ভাড়া কমানোর ব্যাপারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা ঘুচিয়ে আনতে কিছুটা সময় লাগছে। তবে প্রবাসীদের কথা চিন্তা করে হলেও এই পথে ভাড়া কমাতে সরকার বদ্ধপরিকর।”

এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের ইচ্ছা আছে সিলেট থেকে সরাসরি ভারতের গোয়াহাটির সঙ্গে ফ্লাইট চালু করার। এ ছাড়া ভারতের অন্যান্য অঞ্চলেও সিলেট থেকে ফ্লাইট যেতে পারে, যাতে দুদেশের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান-প্রদান আরও সহজ ও গতিশীল হয়।”