নাটোরে ট্রাক্টর উল্টে প্রাণ গেল স্কুলছাত্রের
পুলিশ জানায়, এ সময় আরও দুইজন ধান কাটা শ্রমিক আহত হয়েছেন।
নাটোরের সিংড়া উপজেলায় ধানবাহী ট্রাক্টর উল্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে; এ সময় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চোউরগাড়ি বিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছন সিংড়া থানার ওসি আবুল কালাম আজাদ।
নিহত ১৫ বছর বয়সি আরমান আলী উপজেলার উত্তর দমদমা এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে। তিনি সিংড়া দমদমা পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি আবুল কালাম বলেন, সকালে মামার ট্রাক্টর নিয়ে ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান বয়ে আনতে যায় আরমান। ধান বোঝাই করে ফিরে আসার সময় নিচু জমি থেকে মূল রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়।
“এতে তিনি ছিটকে গিয়ে ট্রাক্টরে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আরও দুইজন ধান কাটা শ্রমিক আহত হন।”
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
