Published : 03 Jun 2026, 05:41 PM
লক্ষ্মীপুরে উন্নয়ন বরাদ্দ পেতে জনস্বার্থহীন প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করায় বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর নোটিস বা শোকজ করা হয়েছে।
বুধবার সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক বিটু পাটওয়ারী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।
আগামী ৭ জুনের মধ্যে তাকে ঘটনার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী।
শোকজ পাওয়া নুর হোসেন চৌধুরী আরজু সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি।
শোকজ চিঠিতে বলা হয়, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের লক্ষে বিভিন্ন মসজিদের নামের তালিকা নিয়ে বরাদ্দের জন্য আবেদন করেন। এতে বিএনপি নেতা আরজু ‘নুরনবী চৌধুরী জামে মসজিদ’ নাম দিয়ে জনস্বার্থহীন একটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেন। প্রতিষ্ঠানটির নামে তিন লাখ টাকা বরাদ্দ আসে।
তালিকা প্রচার হওয়ার পর থেকে জনমনে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে স্থায়ী পাঞ্জেগানা অথবা কোনো জামে মসজিদ নেই। পুকুরে গোসল শেষে অনেকেই মাচার মতো সেই স্থানে নামাজ আদায় করেন। এমন ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি দলের শৃঙ্খলা এবং নীতি নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড প্রতীয়মান হয়েছে।
এমন কর্মকাণ্ডের জন্য আরজুর বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৭ জুনের মধ্যে যথাযথ কারণ দর্শানোর জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে শোকজ চিঠিতে বলা হয়।
চররুহিতা ইউনিয়ন বিএনপির দুই নেতা বলেন, আরজু তার বাবা নুরনবী চৌধুরীর নামে মসজিদের তালিকা দিয়ে বরাদ্দ এনেছেন। কিন্তু এই নামে কোনো মসজিদ নেই। একইভাবে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক তার বাবা তাজুল ইসলাম ভূঁইয়ার নামে মসজিদের নাম দিয়ে বরাদ্দ এনেছেন। এই নামেও ইউনিয়নের কোথাও কোনো মসজিদ নেই।
চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু বলেন, “আমার মসজিদ আছে, ইমাম ও মুয়াজ্জিন আছে। ইমামকে বেতনও দেই। কি কারণে শোকজ করেছে, তা শোকজ যারা করেছেন তারাই জানেন। বিএনপি নেতা মানিকের বাবার নামেও মসজিদ আছে।”
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী বলেন, ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আরজুকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে।