Published : 23 Mar 2026, 11:34 PM
সাংবাদিকতা বিষয়ে বগুড়ায় স্নাতক পর্যায়ে পড়াশোনা চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “বগুড়ার সাংবাদিকদের মানোন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। পাশাপাশি বগুড়ায় সাংবাদিকতা বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালুর উদ্যোগ নেওয়া হবে।”
সোমবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর একটি শাখা বগুড়ায় স্থাপনের বিষয়ে আলোচনা করা হবে জানিয়ে রুমন বলেন, স্থানীয় সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। সাংবাদিকতা একটি মহৎ পেশা, এমনভাবে কাজ করতে হবে যাতে এর সুনাম অক্ষুণ্ন থাকে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে দৈনিক দিনকালের প্রকাশক ও সম্পাদক পদে ছিলেন তারেক রহমান।
সে বিষয়ে ইঙ্গিত করে রুমন বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তারেক রহমান সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আমাদের সংবাদপত্র পরিবারেরই একজন।”
বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
এ সময় সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সভাপতি প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত এবং স্টার নিউজের নিউজ এডিটর সুমন তালুকদার।
অনুষ্ঠানে তরুণ প্রজন্মের অন্তত ৫০ সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহন আখন্দ।