১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে অফিস কক্ষে ঢুকে কলেজ অধ্যক্ষের ওপর ‘হামলা’, থানায় অভিযোগ

কলেজ চলাকালীন সময়ে একদল বহিরাগত সন্ত্রাসী এ ঘটনা ঘটায় বলে ওই অধ্যক্ষ জানিয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 06:02 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।   

রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালীন সময়ে একদল বহিরাগত সন্ত্রাসী ক্যাম্পাসে প্রবেশ করে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনকে লাঞ্ছিত করেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

এ ঘটনায় রায়পুরা থানায় আমজাদ হোসেন, জলিল, জুয়েল, আতিক, মিল্লাত ভুঁইয়া ও হাসনাত ভুঁইয়াসহ অজ্ঞাত পরিচয় আরও ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের অভিযোগ, তিনি সকালে কলেজে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন। এ সময় হঠাৎ একদল চিহ্নিত বহিরাগত সন্ত্রাসী ক্যাম্পাসে ঢুকে তার কক্ষে প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

এক পর্যায়ে হামলাকারীরা তার ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং টেনে-হিঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় কলেজের অন‍্যান‍্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে বলে তার অভিযোগ।

ওসি মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

“এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”