১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও কার্যকর সেবা পাবে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
ফরিদপুর শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। পাশে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 04:15 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

ফরিদপুর শহরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এর উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ উপস্থিত ছিলেন।

উপাচার্য আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। ফরিদপুরে আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও কার্যকর সেবা পাবে।

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সেবাবান্ধব করতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আঞ্চলিক অফিস সেই উদ্যোগেরই একটি অংশ।

“নারীদের শিক্ষার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্নাতক পর্যন্ত অবৈতনিক করেছেন। নারীদের ক্ষমতায়নে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে”, বলেন তিনি

দলীয় সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, “আমাদেরকে যারা ভোট দিয়েছেন বা দেননি আমরা সকলেই প্রতিনিধিত্ব করছি।”

স্থানীয়রা বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় চালুর ফলে এ অঞ্চলের শিক্ষার্থী, কলেজ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, সনদ উত্তোলন, তথ্য সংশোধন ও শিক্ষাসংক্রান্ত সেবা দ্রুত ও সহজে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।