ক্যাম্পাসের পাশে রিকশা-মোটরবাইক সংঘর্ষে রাবি শিক্ষার্থীর মৃত্যু
রিকশাটি নিহত শিক্ষার্থীকে টেনে কয়েক গজ সামনে নিয়ে যায়। এসময় সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে রক্তক্ষরণ শুরু হয় তার।
রিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফতেখারুল ইসলাম ফাহমিন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি নোয়াখালী হলেও তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।
ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম তার মৃত্যুর খবরের তথ্য দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ফাহমিন ও তার সহপাঠী মিরাজ মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় একটি রিকশা হঠাৎ উল্টোদিকে ঘুরে গেলে সংঘর্ষ হয়। মোটরসাইকেলের পিছনে বসা ফাহমিন পড়ে গেলে রিকশাটি তাকে টেনে কয়েক গজ সামনে নিয়ে যায়। এসময় রাস্তার সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে রক্তক্ষরণ শুরু হয় ফাহমিনের।
পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী নওশাদ হাসান প্রিন্স এ দুর্ঘটনার জন্য রিকশাচালককে দায়ী করে বলেন, ওই চালক হুট করে উল্টোদিকে ঘুরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
রাতেই আইনি প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে লাশ পরিবারের কাছে পাঠানো হয়।
এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ধ্যাপক মাহবুবর রহমানকে ফোন করা হলেও তারা সাড়া দেননি।
